এবার বাড়ানো হয়েছে এলপিজির দাম। এ নিয়ে চলতি মাসে দুই দফা দাম বাড়ানো হয়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন দাম ঘোষণা করে। এই দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। এর আগে, এপ্রিলের শুরুতেই ৩৮৭ টাকা দাম বাড়ানো হয়। সব মিলিয়ে এক মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে মোট ৫৯৯ টাকা।
বিইআরসি প্রতিমাসে দাম নির্ধারণের নিয়ম অনুযায়ী গত ২ এপ্রিল চলতি মাসের জন্য নতুন দামের ঘোষণা দেয়। সে সময় ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৭২৮ টাকা; যা আগের মাসের তুলনায় ৩৮৭ টাকা বেশি।
বর্তমানে প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১৬১ টাকা ৬৬ পয়সা এবং অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ দশমিক ৯০ টাকা। একই অনুপাতে অন্যান্য ওজনের সিলিন্ডারের দামও বাড়ানো হয়েছে।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি এবং সরবরাহে জটিলতার কারণে এই সমন্বয় করা হয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত এবং হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তার ফলে পরিবহন ব্যয়, বিমা ও নিরাপত্তা খরচ বেড়েছে; যার প্রভাব পড়ছে দেশীয় বাজারে। বেসরকারি খাতে দাম বাড়লেও সরকারি এলপিজির মূল্য অপরিবর্তিত রয়েছে।
এর আগে মার্চ মাসে ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল।


